বাণিজ্যিক জাহাজে হামলা: ইউক্রেনের অজুহাত প্রত্যাখ্যান ইরানের

তেহরান, ২৯ জুলাই – ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলাকে অনিচ্ছাকৃত বলে ইউক্রেন যে দাবি করেছে তা গ্রহণযোগ্য নয়। এ ঘটনার জন্য কিয়েভকে স্পষ্টভাবে দায় স্বীকার করার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাসের সঙ্গে এক টেলিফোন আলাপে আরাগচি এই মন্তব্য করেন। ফোনালাপে উভয় নেতা হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এবং ওমানের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে ইরানের অবস্থান নিয়ে আলোচনা করেন।
আলাপকালে আরাগচি তেহরানে ফরাসি কর্মকর্তাদের আচরণ নিয়ে ইইউর হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তেহরানে অবস্থিত ফরাসি দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের অনিয়মকে ইইউ সমর্থন করা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিয়েভ ওই হামলাকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করলেও ইরানের কাছে তা গ্রহণযোগ্য নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট এই হামলার কথা স্বীকার করেছেন বলে উল্লেখ করে তিনি বলেন, কিয়েভকে অবশ্যই এই ঘটনার পূর্ণ দায়িত্ব নিতে হবে।
কাস্পিয়ান সাগরে সংঘটিত ওই হামলায় ইরানের একজন নাবিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে এই হামলার কড়া প্রতিবাদ জানায় ইরান।
ইরানি কর্মকর্তাদের মতে, এই হামলা জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় নেতৃত্বের এই আচরণ ইরানের প্রতি কিয়েভের শত্রুতা ও বৈরী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
এস এম/ ২৯ জুলাই ২০২৬









