দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, শনাক্ত ১০৭৫

ঢাকা, ২৯ জুলাই – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারা দেশে আরও ১ হাজার ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৩৫ জনের।
সংক্রমণের হার নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে শিশুদের নির্ধারিত সময়ের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরও তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএন/ ২৯ জুলাই ২০২৬









