আইন-আদালত

পৃথক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট

ঢাকা, ২৯ জুলাই – রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

এই দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান, খিলগাঁও থানার একটি হত্যা মামলা এবং মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে আদালত ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।

উল্লেখ্য, ব্যারিস্টার সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এনএন/ ২৯ জুলাই ২০২৬


Back to top button