হবিগঞ্জ

হবিগঞ্জে টানা বৃষ্টি ও ঢলে ৫ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে

হবিগঞ্জ, ২৯ এপ্রিল – হবিগঞ্জে গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলাটির চারটি উপজেলায় অন্তত পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ উপজেলার হাজার হাজার কৃষক তাদের একমাত্র ফসল হারিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

অনেক কৃষক জমি থেকে ফসল কাটতে পারলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুকিয়ে ঘরে তুলতে পারছেন না। রোদের অভাবে খোলা মাঠেই ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক জানান, বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে কৃষকদের আগেই ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছিল। বর্তমানে ১০ থেকে ১২টি হাওরের নিচু এলাকা প্লাবিত অবস্থায় রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নিচু এলাকার জমিগুলো দ্রুত পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে পানির নিচ থেকেই কাঁচা ধান কাটার আপ্রাণ চেষ্টা করছেন।

লাখাই উপজেলার করাব গ্রামের কৃষক রফিক মিয়া জানান, তার আট বিঘা জমির সব ধানই তলিয়ে গেছে। সারা বছরের খোরাকি হারিয়ে এখন তিনি পরিবার নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

একই চিত্র দেখা গেছে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলাতেও। এদিকে নদ-নদীর পানি ক্রমাগত বাড়লেও এখন পর্যন্ত জেলার কোনো বাঁধ ভেঙে যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুর রহমান জানান, প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।

এনএন/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language