জাতীয়

বর্তমান সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে: নাহিদ ইসলাম

হবিগঞ্জ, ২৯ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, এই সরকার পুরোনো স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তারা গণভোটের রায় ও স্বাধীন পুলিশ কমিশনের দাবি উপেক্ষা করে একটি সন্ত্রাসনির্ভর রাষ্ট্রব্যবস্থা অব্যাহত রাখতে চাচ্ছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কামাইছডা পুলিশ ক্যাম্পে সদর থানা বরাবর অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের এই সময়ে যখন আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য কথা বলছি, তখনই আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এই হামলায় এক কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে পূর্ববর্তী সরকার শত শত মানুষের চোখ কেড়ে নিয়েছিল, সেখানে এই সরকারও একই পথ অনুসরণ করছে।

স্থানীয় সংসদ সদস্য ও হুইপের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, যিনি দল নিয়ন্ত্রণ করবেন, তিনি নিজেই সন্ত্রাসী বাহিনী লালন করছেন। দিবালোকে ও প্রকাশ্যে হামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।

শুরুতে পুলিশ মামলা নিতে বাধা দিলেও এনসিপি নেতাকর্মীদের অনড় অবস্থানের মুখে পরবর্তীতে অভিযোগ গ্রহণ করা হয়। এ সময় পুলিশের বিরুদ্ধে ডা. মাহমুদার গায়ে হাত তোলারও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের কর্মীরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। এই সন্ত্রাসের বিরুদ্ধেই আমাদের মূল লড়াই। পুলিশ যদি তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে চায়, তবে দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় ধরে নেওয়া হবে দেশ আবারও মাফিয়া ও স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।

অভিযোগ দায়েরের সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু উপস্থিত ছিলেন।

এনএন/ ২৯ জুলাই ২০২৬


Back to top button