পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৮

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট – মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে মাগুরা থেকে ঢাকাগামী একটি বাস রেলিংয়ে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি সোমবার দুপুর দেড়টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর ঢালে পৌঁছায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মাগুরা সদরের সাইফুল্লাহ ও লুৎফর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন, দামুড়হুদার নূর ইসলাম ও রশিদা, মাগুরার মোহাম্মদপুরের শিশু ফাতেমা, শ্রীপুরের সাইফ এবং ফরিদপুরের মধুখালী এলাকার বাসিন্দা আরাফাত।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে তারা দুর্ঘটনার সংবাদ পান। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম শুরু করেন। বাসটির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এস এম/ ৩১ আগস্ট ২০২৬







