অসহায় পরিবারকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা আমিনুল হকের

ঢাকা, ২৬ আগস্ট – অসচ্ছল ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেন, পল্লবী ও রূপনগরের বেগুনটিলা, চলন্তিকা এবং আরামবাগের মতো বস্তি এলাকায় বসবাসরত অসহায় মানুষের পরিবারের নারী ও মায়েদের হাতে সবার আগে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
রাজধানীর পল্লবীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক জানান, এ বছর প্রায় ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মধ্যে প্রাথমিকভাবে ১০ লাখ পরিবারের কাছে এটি পৌঁছে দেওয়া হবে।
তথ্য সংগ্রহের সময় সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন স্বচ্ছল ব্যক্তিরা এই সুবিধা না পান। যাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে কুইক রেন্টালের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে।
ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে কাজ চলছে। বিদেশি বিনিয়োগ ও দেশীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যমাত্রা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়া ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









