ভুটানের রাজা ভুটান সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে

ঢাকা, ২৬ আগস্ট – সিঙ্গাপুর থেকে নিজ দেশ ভুটানে ফেরার পথে বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। এ সময় বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রায় এক ঘণ্টার এই যাত্রাবিরতিকালে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে দুই দেশের শীর্ষ নেতা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ভুটানের রাজাও পাল্টা আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আহ্বান জানান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান ভুটানের রাজা। আলাপে রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে অত্যন্ত গভীর ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়া ভুটানের বর্তমান রাজার পিতার বাংলাদেশের প্রতি বিশেষ মমত্ববোধের কথাও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনায় ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি তার দূরদর্শী গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করলে রাষ্ট্রপতি এই উদ্যোগের প্রশংসা করেন এবং পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে ভুটানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৬টায় বিশেষ বিমানে রাজা ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









