মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ১৪ হুথি বিদ্রোহী নিহত

সানা, ২৬ আগস্ট – ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হোদেইদার দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সরকারপন্থী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস। এই হামলায় হুথি গোষ্ঠীর অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে বাহিনীটি। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায় যে, হোদেইদার দক্ষিণে হুথিদের বেশ কিছু সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে প্রতিটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। তবে এই সামরিক অভিযানের বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই হামলার আগে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুথিদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন প্রদান করে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের সামগ্রিক সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে হুথিদের বিরুদ্ধে সরকারের পরবর্তী রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কাউন্সিল তাদের বিবৃতিতে জানিয়েছে যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার এবং দেশের প্রতিটি ভূখণ্ডে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে তারা। পাশাপাশি হুথিদের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। ২০২২ সালের এপ্রিল থেকে ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত কিছুটা স্থিমিত থাকলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির আবারো অবনতি হয়েছে।

বিশেষ করে গত কয়েক সপ্তাহে মারিব, আল জাওফ, আল দালেয়া ও তাইজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হুথি ও সরকারপন্থী বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। উল্লেখ্য যে, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। এরপর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তায় সামরিক অভিযান শুরু করে। গত সোমবারও সরকারপন্থী বাহিনী আদেনের পশ্চিমে হুথিদের ড্রোন হামলা নস্যাৎ করার দাবি করেছিল।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language