উত্তর আমেরিকা

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ২৬ আগস্ট – কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশের বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কানাডার গাড়ি, ট্রাক, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর বিপরীতে কানাডা সরকারও পাল্টা পদক্ষেপ হিসেবে শত শত মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার কথা বলেছেন ট্রাম্প।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পরবর্তীতে লেক আমেরিকা নাম সংবলিত একটি মানচিত্রও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ট্রাম্প আরও মন্তব্য করেন যে, আগামীতে অন্টারিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আর আগের মতো থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কানাডার পক্ষ থেকে সতর্ক প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির যুক্তরাষ্ট্রবিষয়ক বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেন, মার্কিন প্রশাসন বা প্রেসিডেন্টের নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের ওপর ভিত্তি করে কানাডা সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করবে না।

ভৌগোলিকভাবে লেক অন্টারিও উত্তর আমেরিকার পাঁচটি বৃহত্তম হ্রদের একটি, যার এক পাশে কানাডার অন্টারিও প্রদেশ এবং অন্য পাশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য অবস্থিত।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই হ্রদের নাম যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরিবর্তন করতে পারে কি না, তা নিয়ে আইনি ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ইতিপূর্বে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের প্রচেষ্টার মতো এটিও কানাডার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের একটি প্রতীকী প্রচেষ্টা হতে পারে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language