জাতীয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা, ২৬ আগস্ট – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ সময় রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়ন মোকাবিলা করার পর আগামী ১ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে দলটি।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এসব কর্মসূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ ১৭ বছরের কঠিন পরিস্থিতির মাঝেও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি।

খালেদা জিয়া এবং তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দলটি বর্তমানে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এই কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকতে পারেন এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সশরীরে উপস্থিত থাকবেন। এরপর ৫ সেপ্টেম্বর দলীয় উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে দেশব্যাপী বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করবেন হাবিব উন নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রত্যয় নিয়ে এই দল গঠিত হয়েছিল।

তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং গণশিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার দীর্ঘ আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language