ইরানে আপাতত বড় সামরিক হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ২৬ আগস্ট – যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের ওপর কোনো বড় ধরনের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে না। সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে, ওয়াশিংটন এখন সামরিক আগ্রাসনের পরিবর্তে কূটনৈতিক কৌশল এবং অর্থনৈতিক অবরোধের মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়ানোর নীতি গ্রহণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান থেকে আপাতত সরে এলেও ইরান যদি আগে আক্রমণ করে তবে পাল্টা জবাব দেওয়ার পথ খোলা রাখা হয়েছে। ট্রাম্প প্রশাসনের বর্তমান লক্ষ্য হলো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ আরোপ করার মাধ্যমে ইরানকে কোণঠাসা করা।
এই কৌশলের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের ধারণা অনুযায়ী, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই নীতি অপরিবর্তিত থাকতে পারে।
ওয়াশিংটন মনে করছে, ক্রমাগত অর্থনৈতিক চাপের মুখে পড়লে ইরান শেষ পর্যন্ত পুনরায় আলোচনায় ফিরে আসতে বাধ্য হবে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে প্রত্যক্ষ কোনো মধ্যস্থতা বা আলোচনার প্রক্রিয়া চলমান নেই।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









