সোহরাওয়ার্দী উদ্যানে মিলাদুন্নবী উপলক্ষে মাইজভান্ডারি আশেকানদের ঢল

ঢাকা, ২৬ আগস্ট – পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভান্ডারি আশেকান ও সুন্নি সুফিবাদী জনতা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে একটি বিশাল জশনে জুলুস বের করার পরিকল্পনা রয়েছে।
জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন এবং সচিবালয়ের সম্মুখভাগ প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে। এরপর সেখানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে দলে দলে মানুষ সভাস্থলে প্রবেশ করছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় রাখা হয়েছে। বৃষ্টির কারণে উদ্যানের একাংশ কর্দমাক্ত হয়ে পড়লেও ধর্মপ্রাণ মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি। নারী ও পুরুষদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে সেখানে।
আয়োজক কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক এই শান্তি মহাসমাবেশে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত সুফি স্কলার, পীর মাশায়েখ, ওলামা ও শিক্ষাবিদরা বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি।
এস এম/ ২৬ আগস্ট ২০২৬









