ইউরোপ

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবি ১০২ সাবেক ফরাসি ও ব্রিটিশ কূটনীতিকের

লন্ডন, ২৩ আগস্ট – ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। একটি যৌথ খোলা চিঠিতে তারা দুই দেশের সরকারকে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেন।

ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদে প্রকাশিত এই চিঠিতে সাবেক কূটনীতিকরা বলেন যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বর্তমান নীতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে স্থায়ীভাবে নস্যাৎ করে দিতে পারে।

একই সাথে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমান অধিকার নিশ্চিত করতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে যৌথভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয় যে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা এবং বসতি স্থাপনকারীদের ব্যাপক সহিংসতা যার সাথে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যোগসাজশ রয়েছে তা জাতিগত নিধনের শামিল।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসংঘে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত জেরেমি গ্রিনস্টক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ফ্রান্সের সাবেক শীর্ষ কর্মকর্তা ইভস অউবিন দ্য লা মেজুসিয়ের রয়েছেন। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার মিলেট বলেন যে এখন আর শুধুমাত্র নিন্দা জানানোর সময় নেই বরং বাণিজ্য ও অস্ত্র সরবরাহ বন্ধের মতো বাস্তব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

চিঠিতে ইইউ ইসরায়েল এবং যুক্তরাজ্য ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিত করার পাশাপাশি গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সাবেক কূটনীতিকদের মতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ বন্ধ না হলে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে বিলীন হয়ে যেতে পারে। পরিশেষে তারা উল্লেখ করেন যে ইসরায়েলি সরকারের ওপর প্রভাব খাটাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language