মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আরব আমিরাতের একাধিক ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তন

আবুধাবি, ২৩ আগস্ট – মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। রবিবার এমিরেটস, এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাইদুবাইসহ দেশটির শীর্ষস্থানীয় বেশ কয়েকটি এয়ারলাইনস তাদের নিয়মিত ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ও কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায় যে, এমিরেটসের দুবাই থেকে বাহরাইন রুটের ইকে-৮৩৫ এবং ইকে-৮৩৭ ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে। তবে দুবাই থেকে কুয়েত রুটের ইকে-৮৫৭ ও ইকে-৮৫৮ এবং ইকে-৮৩৯ ফ্লাইটগুলো নির্ধারিত সময়েই পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ফ্লাইদুবাইয়ের দুবাই থেকে বাহরাইন অভিমুখী এফজেড-৮৫০৪ ফ্লাইটটিও বাতিল বলে জানানো হয়েছে। তবে ইতিহাদ এয়ারওয়েজের আবুধাবি থেকে বাহরাইন ও কুয়েত রুটের বেশিরভাগ ফ্লাইট এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।

এয়ার অ্যারাবিয়ার ক্ষেত্রে আবুধাবি ও শারজাহ থেকে কুয়েত এবং বাহরাইন রুটে চলাচলের জন্য নির্ধারিত বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ফ্লাইটের সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুধু স্থানীয় এয়ারলাইনসগুলোই নয়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার কানাডা, ব্রিটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস, লুফথানসা এবং সুইস এয়ারের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও তাদের কার্যক্রম সীমিত করেছে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এয়ারলাইনগুলো নিয়মিতভাবে তাদের ফ্লাইট সূচি পর্যালোচনা করছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে এয়ারলাইনসগুলোর ওয়েবসাইট বা সরাসরি যোগাযোগের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language