গ্রিসে নিষেধাজ্ঞা অমান্য করে বারবিকিউ: দাবানল সৃষ্টির অভিযোগে ইসরায়েলি পর্যটক গ্রেপ্তার

অ্যাথেন্স, ২২ আগস্ট – গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইসরায়েলি পর্যটককে আটক করেছে স্থানীয় পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় আগুন লাগার ঘটনায় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। আটক ওই ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তাকে রেথিমনোর একটি আদালতে হাজির করার কথা রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে পর্যটন এলাকা প্লাকিয়াসের নিকটবর্তী সেলিয়া গ্রামে আগুনের সূত্রপাত হয়।
গ্রিক ফায়ার সার্ভিসের অগ্নিসংযোগ তদন্ত ইউনিটের প্রাথমিক তথ্যানুযায়ী, একটি ভাড়া করা ভিলার আঙিনা থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। সেখানে অবস্থানরত কিছু ইসরায়েলি পর্যটক তীব্র বাতাস ও উচ্চ অগ্নিঝুঁকির সতর্কবার্তা থাকা সত্ত্বেও বারবিকিউয়ের আয়োজন করেছিলেন।
ভিলার মালিক জানিয়েছেন, আগুনের ঝুঁকির কারণে ওই এলাকায় বারবিকিউ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং এ বিষয়ে পর্যটকদের আগে থেকেই লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বারবিকিউ জ্বালানোর পর বাতাসের ঝাপটায় আগুনের স্ফুলিঙ্গ শুকনো গাছপালায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের এলাকায় বিস্তৃত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ফায়ার সার্ভিস ইউনিট, পানি বহনকারী ট্যাংকার এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়। স্বেচ্ছাসেবকদের সহায়তায় প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গ্রিস গত কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলের কবলে রয়েছে। ন্যাশনাল অবজারভেটরি অব অ্যাথেন্সের তথ্যমতে, এর আগে রেথিমনো এলাকায় বড় ধরনের দাবানলে প্রায় ৪৫ হাজার একর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। ওই ঘটনায় দুই দমকলকর্মী নিহত হন এবং কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়।
বারবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্রিক কর্তৃপক্ষ বর্তমানে অগ্নিসুরক্ষা আইন ভঙ্গের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এনএন/ ২২ আগস্ট ২০২৬









