জাতীয়

৪ দূতাবাসে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় তদন্তে নেমেছে ডিবি

ঢাকা, ২৩ আগস্ট – বাংলাদেশে নিযুক্ত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ চারটি দূতাবাস এবং কয়েকটি সরকারি দফতরে ই-মেইল যোগে হুমকি ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, হুমকি পাওয়া দূতাবাসগুলোর মধ্যে চীন, তুরস্ক ও পাকিস্তানের নাম নিশ্চিত হওয়া গেছে। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে ই-মেইল পাঠিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে।

এই চক্রটি সাধারণ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ই-মেইল পাঠাচ্ছে, যেখানে নম্বরটির মালিক নিজেও জানেন না যে তার তথ্য ব্যবহার করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে গোয়েন্দা প্রধান বলেন, বিষয়টি শুধুমাত্র চাঁদাবাজির মধ্যে সীমাবদ্ধ নয়।

কাউকে হয়রানি করা বা ব্যক্তিগত শত্রুতার জেরেও এমনটি করা হতে পারে। এছাড়া বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাস কর্মকর্তাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা এই চক্রের মূল উদ্দেশ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language