উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ওয়াশিংটন, ২৩ আগস্ট – যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা আমেরিকান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে ল্যাপটপে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ২৩৯৮ অবতরণের সময় এই অগ্নিকাণ্ড ঘটে।

এতে বিমানের ভেতরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং একজন যাত্রীকে বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দিতে হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও বার্তা অনুযায়ী, বিমানের পেছনের অংশে কেবিনের ভেতরে ল্যাপটপ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে এবং পরে আগুন ধরে যায়।

পাইলট তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষকে জানান এবং কেবিন ক্রুরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। পাইলটের মতে, আগুনের কারণে কয়েকজন যাত্রী আহত হওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর জরুরি বিভাগের কর্মীরা নিয়ম অনুযায়ী বিমানটি ঘিরে ফেলেন এবং একজন যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, কেবিন ক্রুদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে লিথিয়াম ব্যাটারি নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত এমন ৫৮টি ঘটনার রেকর্ড রয়েছে।

বিশেষ করে ল্যাপটপ বা পাওয়ার ব্যাংকের মতো ডিভাইসগুলো চেক-ইন লাগেজের পরিবর্তে কেবিনে বহন করার পরামর্শ দিয়েছে তারা, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত শনাক্ত করা যায়। ইতিপূর্বে গত মে মাসেও একই ধরনের ঘটনায় একটি আন্তর্জাতিক বিমান রোমে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language