সাতক্ষীরা

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাজুর মরদেহ ভোমরা দিয়ে দেশে পৌঁছেছে

সাতক্ষীরা, ২২ আগস্ট – ভারতের কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিক আলিমুজ্জামান সাজুর মরদেহ সাতক্ষীরায় এসে পৌঁছেছে। শনিবার সকাল ১০টার দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে মরদেহটি বাংলাদেশে আনা হয়। ইমিগ্রেশনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহত সাজুর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে। মরদেহবাহী গাড়িটি সেখান থেকে সাজুর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এদিকে ওই একই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কুষ্টিয়ার একই পরিবারের চার সদস্য এবং সাভারের আহমেদ বাবুর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তাদের মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

নিহতদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ পাসপোর্টের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এছাড়া পরিবারের ইচ্ছানুযায়ী নিহত এক নারীর মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language