৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, প্রতি বছর থাকবে সাধারণ ছুটি

ঢাকা, ০৭ অক্টোবর-সাধারণ ছুটির তালিকায় আরও একটি দিন যুক্ত হয়েছে। আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতি বছর এ দিনে সরকারি ছুটি থাকবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব ওয়ালীউল দামান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিসভার ওই বৈঠকে জানানো হয়, দিনটি প্রতি বছর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।
এস এম/ ০৭ অক্টোবর ২০২৬







