সাতক্ষীরা

ভাইরাল ভিডিও নিয়ে এমপি গাজী নজরুল ইসলামের ব্যাখ্যা: ওই নারী তার দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা, ২১ জুলাই – সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি বলে গুজব ছড়ালেও পরবর্তীতে এমপি নিজেই ভিডিওর নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন।

তিনি একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে গণমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে জানান যে গত ১৩ জুলাই ২০২৬ তারিখে তিনি তার দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে শ্বশুরবাড়ির ব্যবসায়িক কার্যালয়ে যান।

সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও তার স্ত্রীর মামা ওবায়দুল্লাহ ৫ থেকে ৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে তাদের জিম্মি করে অর্থ দাবি করে। এমপির দাবি অনুযায়ী ওবায়দুল্লাহ তার শ্বশুরের সঙ্গে পারিবারিক শত্রুতার জেরে এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ভিডিওটি গোপনে ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

বিবৃতিতে এমপি আরও উল্লেখ করেন যে গত ১৭ জুন ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে এই বিবাহ সম্পন্ন হয়। তিনি অভিযোগ করেন যে কিছু অসাধু ব্যক্তি ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করে তার সামাজিক ও নৈতিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও দাবি করেন যে গাড়িচালক ওবায়দুল্লাহ ভাড়া করা গাড়ি আটকে রেখেও কয়েক দফায় অর্থ আদায়ের হুমকি দিয়েছেন। এই পুরো ঘটনাটিকে গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে গাজী নজরুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে যারা এই ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সকলকে প্রকৃত সত্য বোঝার আহ্বান জানান এই রাজনৈতিক নেতা।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button