এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত চূড়ান্ত করলেন অর্থমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট – রাজস্ব প্রশাসনে সরকারের নেওয়া সংস্কারের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন ২০২৬ এ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থমন্ত্রী জানান, রাজস্ব নীতি বিভাগ সরকারের থিংক ট্যাংক হিসেবে কাজ করবে এবং একটি ভারসাম্যপূর্ণ ও উন্নয়নবান্ধব কর কাঠামো
প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ একটি অ্যাকশন টিম হিসেবে রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। নীতি প্রণয়নের ক্ষেত্রে অর্থনীতিবিদ ও ব্যবসায়িক সংগঠনের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অর্থনীতির আকার বাড়লেও সে অনুযায়ী রাজস্ব আহরণ বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু বিদ্যমান করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে করের আওতা বাড়ানো হবে। একই সঙ্গে কর ফাঁকি রোধ ও অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স নিশ্চিত করা হবে।
২০২৬ ২৭ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের চেয়ে ৪৬ শতাংশ বেশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে উত্তরণ ঘটাতে চায়।
রাজস্ব ব্যবস্থাকে আধুনিক ও কন্টাক্ট ফ্রি করতে ই ট্যাক্স ম্যানেজমেন্ট ও সিঙ্গেল উইন্ডোর মতো ডিজিটাল পদ্ধতি কার্যকর করা হচ্ছে। দেশের কর জিডিপি অনুপাত এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশ কম হওয়ায় এই কাঠামোগত সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









