মধ্যপ্রাচ্য

২০২৭ সালের হজ কার্যক্রমের আগাম প্রস্তুতি শুরু করল সৌদি আরব

রিয়াদ, ১৮ আগস্ট – ২০২৭ সালের হজ মৌসুম সফলভাবে সম্পন্ন করতে এবং হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে আগেভাগেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশ্বের ৭৫টিরও বেশি দেশের হজবিষয়ক কার্যালয়ের সঙ্গে বিশেষ সমন্বয় সভা শুরু করেছে।

এই সভাগুলোতে সংশ্লিষ্ট দেশগুলোর হজ পরিকল্পনা পর্যালোচনা করার পাশাপাশি হজের বিভিন্ন বিধিবিধান, নির্দেশনা এবং নির্দিষ্ট দেশের বিশেষ চাহিদাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগাম এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন দেশের হজ মিশনের সঙ্গে সমন্বয় আরও জোরালো করা।

এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং হজযাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। হজযাত্রীদের সৌদি আরবে আগমন থেকে শুরু করে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া পর্যন্ত সব সেবা নিশ্চিত করতে দেশটির সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

এই বিশাল কর্মযজ্ঞ সৌদি আরবের ভিশন ২০৩০ এর অংশ হিসেবে গৃহীত পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম এর লক্ষ্য বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো হজ ও ওমরাহ পালনে আসা ধর্মপ্রাণ মুসলিমদের সামগ্রিক অভিজ্ঞতা ও সেবার মান ক্রমাগত বৃদ্ধি করা।

গত কয়েক বছর ধরে সৌদি কর্তৃপক্ষ পরবর্তী হজ মৌসুমের জন্য আগাম পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে আসছে। আন্তর্জাতিক হজ মিশনগুলোর সঙ্গে এই আগাম সমন্বয় হজযাত্রীদের আবাসন, যাতায়াত এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা আরও সুশৃঙ্খল ও নিরাপদভাবে পরিচালনা করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৮ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language