মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

বৈরুত, ১৭ আগস্ট – দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর প্রভাবশালী কমান্ডার আবু হাসান আলা নিহত হয়েছেন। রবিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের দেইর এজ জাহরানি এলাকায় একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত আবু হাসান আলা হিজবুল্লাহর বদর ইউনিটের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন এবং ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি অনুযায়ী, আনসার এলাকায় হিজবুল্লাহর একটি সদর দপ্তরে হামলার পর এই অভিযান চালানো হয়।

এর আগে রাদওয়ান বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার আলি সামির আল-হাজ হাসানও একই ধরনের এক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে আনসারের ওই স্থাপনায় হামলার সময় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হিজবুল্লাহর ওই কমান্ডার তার পরিবারের সদস্যদের সামরিক স্থাপনার ভেতরে রেখেছিলেন, যা ইসরায়েলি বাহিনীর জানা ছিল না। ইসরায়েল অভিযোগ করেছে যে, হিজবুল্লাহ বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

এদিকে গাজা উপকূলে সম্ভাব্য নৌ আক্রমণ ঠেকাতে ইসরায়েলি নৌবাহিনী আয়রন ওয়াল নামক একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। ইসরায়েলের দাবি, হামাস সমুদ্রপথে হামলা চালানোর সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। একই সময়ে পশ্চিম তীরের কুসরা গ্রামের কাছে দুটি অবৈধ বসতি সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত কয়েক দিনে বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ইসরায়েলি নাগরিকদের যারা ক্ষতি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্যমতে, শনিবার ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language