বিহারে শিবমন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত ৭

পাটনা, ১৭ আগস্ট – ভারতের বিহার রাজ্যের লখিসরাই জেলার একটি শিবমন্দিরে শ্রাবণ মাসের বিশেষ পূজা চলাকালে পদদলিত হয়ে অন্তত সাতজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে অশোকধাম মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী পূজা উপলক্ষে ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক তৈরি হয়। এই আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।
লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন সকালে পরপর দুটি ট্রেন পুণ্যার্থী নিয়ে মন্দিরের কাছের স্টেশনে পৌঁছালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভিড় সামলাতে পুলিশ ব্যারিকেড দিলেও মানুষের প্রবল চাপে একপর্যায়ে তা ভেঙে যায়। এতে পুণ্যার্থীরা একে অপরের ওপর আছড়ে পড়েন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত এই প্রাচীন উপাসনালয়ে বিশেষ বিশেষ দিনে ভক্তদের প্রচণ্ড চাপ থাকে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে বিহারের নালন্দা জেলাতেও একই ধরনের একটি দুর্ঘটনায় আটজন প্রাণ হারিয়েছিলেন।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









