দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে পাহাড়ি সড়কে বাস উল্টে নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু

ব্রাসিলিয়া, ১৭ আগস্ট – ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের উত্তরাঞ্চলে একটি পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববারের এই দুর্ঘটনায় অন্তত আটজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দেশটির দমকল বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হলে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে নয়জন নারী এবং একটি কন্যাশিশু রয়েছে। রিও ডি জেনেইরোর পাহাড়ি শহর পেট্রোপোলিসের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দমকল বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসের ভেতরে অনেক যাত্রী আটকে পড়েন।

তাদের উদ্ধারে উদ্ধারকর্মীদের দীর্ঘ সময় চেষ্টা চালাতে হয় এবং এক পর্যায়ে মাটি খনন করে আটকে পড়াদের বের করা হয়। দুর্ঘটনাকবলিত ওই বাসটিতে মোট ৪৯ জন আরোহী ছিলেন।

ব্রাজিলের বিভিন্ন প্রদেশে প্রায়ই এমন সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে বাস উল্টে ১৬ জনের প্রাণহানি ঘটেছিল। এর আগে গত বছরের অক্টোবরে পার্নামবুকো রাজ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিলেন।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language