সিলেট সিটি নির্বাচন: আলোচনায় বিএনপি ও জামায়াতের ৯ নেতা

সিলেট, ১৮ আগস্ট – চলতি বছরে দেশের সব স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এই ঘোষণার পর থেকেই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মেয়র পদে বিএনপির ছয়জন এবং জামায়াতে ইসলামীর তিনজন নেতার নাম এখন স্থানীয় রাজনীতিতে বেশ আলোচনায় রয়েছে।
বিএনপি নেতাদের মধ্যে অনেকেই বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত থাকলেও তাদের মূল লক্ষ্য এখন আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়নের মাধ্যমে মেয়র পদটি লাভ করা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এরই মধ্যে কৌশলে প্রচার শুরু করেছেন।
সিসিক নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় যারা মাঠে সক্রিয় রয়েছেন তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সভাপতি ও বর্তমান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এছাড়া কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং মহানগর বিএনপির সহসভাপতি ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে।
তালিকায় আরও রয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী। অন্যদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম এবং জেলা যুব ফেডারেশনের সভাপতি মাওলানা লোকমান আহমদ।
এদের মধ্যে মাওলানা হাবিবুর রহমান গত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ (সিটি ও সদর উপজেলা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সিসিকের মেয়র পদে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে তিনজনই বর্তমানে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে রাষ্ট্রীয় দায়িত্বে থাকলেও তাদের মূল লক্ষ্য আগামী সিটি নির্বাচনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের এই তৎপরতা আরও বাড়বে।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









