পানি আমাদের লাল রেখা, ভারতকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

ইসলামাবাদ, ১৪ আগস্ট – পাকিস্তান নিজেদের শান্তির পক্ষে দাবি করলেও তাদের এই অবস্থানকে যেন দুর্বলতা হিসেবে না দেখা হয়, সেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারতের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পানি পাকিস্তানের জন্য একটি লাল রেখা।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে পানি বণ্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ এখন নতুন করে চরম আকার ধারণ করেছে। ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ব্যবস্থার মোট পানির প্রায় ৮০ শতাংশ ব্যবহারের অধিকার পাকিস্তানের এবং ২০ শতাংশ ভারতের।
এই চুক্তির আওতায় পূর্বাঞ্চলীয় তিনটি নদী রবি, বিয়াস ও শতদ্রুর নিয়ন্ত্রণ পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের পানির মূল হিস্যা পায় পাকিস্তান। তবে ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে একটি হামলার ঘটনার পর ভারত এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়।
হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে নতুন দিল্লি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে চুক্তিটি কার্যকর রাখা থেকে বিরত রয়েছে। চুক্তি স্থগিতের ফলে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানির স্তরের আগাম তথ্য পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত।
বর্ষাকালে ভারতের দেওয়া এই সতর্কবার্তার ওপর ভিত্তি করে আগে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নিচু এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হতো। বর্তমানে তথ্য আদান-প্রদান বন্ধ থাকায় পাকিস্তানে বড় ধরনের বন্যার ঝুঁকি ও বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









