দক্ষিণ এশিয়া

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে সাত শ্রমিকের মৃত্যু

দেরাদুন, ১৪ আগস্ট – ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় একটি নির্মাণাধীন পানিবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পিপালকোটি এলাকার মায়াপুরে একটি ভূমিধসের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় সুড়ঙ্গের ভেতরে মোট ২২ জন শ্রমিক কাজ করছিলেন।

হঠাৎ ভূমিধসের কারণে সুড়ঙ্গের ভেতরে একটি গর্ত তৈরি হয়ে হুড়মুড় করে পানি ও ধ্বংসাবশেষ প্রবেশ করতে শুরু করে। এতে শ্রমিকরা সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৪ জন শ্রমিককে জীবিত ও নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ঘটনায় এখনও অন্তত দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

অলকানন্দা নদীর তীরে অবস্থিত বিষ্ণুগড় পিপলকোটি পানিবিদ্যুৎ প্রকল্পটি রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া বাস্তবায়ন করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এস এম/ ১৪ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language