ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৪ আগস্ট – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো শাসনকালজুড়েই পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানে হামলার পরিণাম হিসেবে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে এমন বার্তাই দিতে চায় দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এই কড়া বার্তা দিয়েছেন।
আইআরজিসির এই প্রভাবশালী কর্মকর্তা এবং দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগী নাকদি জানান, যুদ্ধ দীর্ঘায়িত করার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। মার্কিন গণমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে তারা তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার পর এই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। নাকদির মতে, তাদের এমন প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন যাতে ভবিষ্যতে কেউ হামলার সাহস না পায়। ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে গিয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলাই ইরানের মূল কৌশল।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হবে ওয়াশিংটনের জন্য এক মারাত্মক ভুল। কারণ বর্তমান বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মতো নয়। ইরান পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয়তাও বর্তমানে অস্বীকার করেছে।
নাকদি দাবি করেন, ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয় বরং তাদের মূল শক্তি হলো জুলুমের বিরুদ্ধে সাধারণ মানুষের সমর্থন। যুদ্ধ চললেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত থাকবে এবং বছরের পর বছর লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









