অকৃতকার্য হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়: শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

ঢাকা, ১১ আগস্ট – এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও অনুপ্রেরণা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পরদিন মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রদান করেন।
শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের এই ফলাফলই তোমাদের শেষ পরিচয় নয়। এটি কেবল পরীক্ষার নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টার একটি হিসাব মাত্র। তোমাদের পরিশ্রম ও স্বপ্নের কোনো গাণিতিক নম্বর হয় না।
মন্ত্রী শিক্ষার্থীদের এই কঠিন সময়ে ভেঙে না পড়ার পরামর্শ দিয়ে বলেন, প্রতিবেশীর কৌতূহল বা সহপাঠীদের উপেক্ষা দেখে হতাশ হওয়ার কিছু নেই। অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের এই সময়ে বকাঝকা না করে তাদের পাশে দাঁড়ান।
ঘর যেন তাদের জন্য আদালত নয় বরং আশ্রয়ের নিরাপদ স্থান হয়ে ওঠে। শিক্ষকদের প্রতিও শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, কেন একজন শিক্ষার্থী পিছিয়ে পড়ল তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। ব্যর্থতার দায় কেবল শিক্ষার্থীদের নয়, এর পেছনে শিক্ষকদেরও দায়িত্ব রয়েছে।
তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের ওপর গভীর আস্থা প্রকাশ করে বলেন, আজকের এই ব্যর্থতা একসময় তুচ্ছ মনে হবে যখন তোমরা জীবনে সফল হবে। শিক্ষা মন্ত্রণালয় সর্বদাই শিক্ষার্থীদের এই পথচলায় পাশে থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এস এম/ ১১ আগস্ট ২০২৬









