ইউরোপ

রাশিয়া ও ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলা: নিহত ৩, আহত ১০

মস্কো, ৮ আগস্ট – রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত শনিবার রাতভর পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এই সংঘাতের ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। উভয় দেশই একে অপরের ভূখণ্ডে বড় ধরনের হামলার অভিযোগ এনেছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, রাজধানীর ব্রোভারস্কি জেলার তিনটি স্থানে এই হামলা চালানো হয়।

হামলার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ আবাসিক ভবন, বেশ কিছু গাড়ি এবং একটি অনাবাসিক স্থাপনায় আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির তদারকি চলছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভের একটি সামরিক শিল্প স্থাপনা এবং জ্বালানি গুদাম লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে।

এছাড়া ওডেসার কাছে সামরিক সরঞ্জামবাহী দুটি পণ্যবাহী জাহাজেও ড্রোনের মাধ্যমে আঘাত হানার দাবি করেছে মস্কো। রাশিয়ার অভ্যন্তরীণ এলাকাগুলোতেও ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে পাঁচজন আহত হয়েছেন এবং একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।

এছাড়া লিপেৎস্ক অঞ্চলের জাদোনস্ক শহরে ড্রোন বিধ্বস্ত হয়ে আরও দুইজন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামারা অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানেও ড্রোন হামলার দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা গত ২৪ ঘণ্টায় ক্রিমিয়া ও আজভ সাগরসহ বিভিন্ন স্থানে অন্তত ৩৯৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

এস এম/ ৮ আগস্ট ২০২৬


Back to top button