মধ্যপ্রাচ্য

ইরানের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় হামলার পরিকল্পনা ছিল ট্রাম্পের

তেহরান, ৩ আগস্ট – ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্তে আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা তৈরি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনা সোমবার বিকেল থেকেই শুরু হতে পারে। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র যখন খুশি অভিযান চালাতে প্রস্তুত থাকলেও তিনি অপ্রয়োজনীয় প্রাণহানি এড়াতে চান।

ট্রাম্পের দাবি অনুযায়ী, সামরিক অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ ছিল এবং ইরানও এই সম্ভাব্য হামলার ভয়াবহতা সম্পর্কে জানত।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোও তাকে হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল যে আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও ট্রাম্প সমঝোতার কাঠামোর কথা উল্লেখ করেন। যদিও সোমবারের আলোচনা কোথায় বা কাদের মধ্যে হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

ট্রাম্পের মতে, হরমুজ প্রণালি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি উভয় বিষয়েই সমঝোতার পথ খোলা রয়েছে।

তবে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা অভিহিত করে জানিয়েছে যে, তেহরানের পক্ষ থেকে সামরিক অভিযান স্থগিতের কোনো অনুরোধ করা হয়নি।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এনএন/ ৩ আগস্ট ২০২৬


Back to top button