মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় ইরানের বুশেহর বিমানবন্দর অকার্যকর, পুনর্নির্মাণের ঘোষণা

তেহরান, ২৮ জুলাই – যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশেহর বিমানবন্দরটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে বিমানবন্দরটির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি গোড়া থেকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করার প্রয়োজন হবে। ফাতেমে মহাজেরানি সংবাদ সম্মেলনে বলেন, জনগণের সেবার জন্য কেনা একটি সংস্কারকৃত বিমানের ধ্বংসাবশেষ সেখানে পাওয়া গেছে।

ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এর কেবল লেজের সামান্য অংশ অবশিষ্ট রয়েছে। এছাড়া বিমানবন্দর এলাকায় অবস্থিত বুশেহর আবহাওয়া কেন্দ্রটিও মার্কিন হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি উল্লেখ করেন যে এই আবহাওয়া কেন্দ্রটি সম্পূর্ণ বেসামরিক কাজে ব্যবহৃত হতো।

সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় মার্কিন বাহিনী ইরানে বিমান হামলা চালায়। পাল্টা জবাবে তেহরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button