কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা নস্যাৎ করল বিজিবি

কুষ্টিয়া, ২৪ জুলাই – কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আট ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে বিজিবির কঠোর বাধার মুখে ওই ব্যক্তিরা নদীপথে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের ৪৭ বিজিবির অধীন প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতার কাটিয়ে আটজন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান।
এই দলে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন। সীমান্তে মোতায়েন থাকা বিজিবির টহল দল বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক অবস্থান নেয়। বিজিবির প্রতিরোধের মুখে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে আবারও নদীপথে ভারতের দিকে চলে যান।
এতে বিএসএফের পুশইনের অপচেষ্টা ব্যর্থ হয়। কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
এস এম/ ২৪ জুলাই ২০২৬









