শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে দর্শনার্থীরা

কুষ্টিয়া, ৮ আগস্ট – পদ্মার কোল ঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি এখন বৃষ্টির পানিতে নিমজ্জিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক স্থাপনার চারপাশ জলাবদ্ধ হয়ে পড়ায় দর্শনার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কয়েক দিনের টানা ভারী বর্ষণে কুঠিবাড়ির প্রধান প্রবেশপথ, উন্মুক্ত মঞ্চ, ম্যুরালের পাদদেশ এবং জাদুঘর প্রাঙ্গণ থৈথৈ পানিতে তলিয়ে গেছে। এমনকি বাগানের ফলজ ও বনজ গাছগুলোও এখন পানির নিচে। প্রতিদিন দেশি বিদেশি বহু পর্যটক এই কুঠিবাড়িতে ভিড় জমান। তবে বর্তমান পরিস্থিতিতে তারা চরম বিপাকে পড়েছেন।
দর্শনার্থীরা জানান, দীর্ঘদিনের স্বপ্ন নিয়ে এখানে এলেও পুরো এলাকা জলমগ্ন থাকায় তারা প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারছেন না। কুঠিবাড়ির উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি বা ছবি তোলার সুযোগও হারিয়েছেন তারা। অনেকেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবকে এই সংকটের মূল কারণ হিসেবে দায়ী করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠিবাড়ির সড়ক ঘেঁষে পানি বের হওয়ার একটি সরু নালা থাকলেও দখল ও দূষণের কারণে সেটি এখন অকেজো। এছাড়া ভারী বৃষ্টির ফলে পেছনের বিলটিও পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় উল্টো বিলের পানি কুঠিবাড়িতে ঢুকে পড়ছে। এতে করে জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রত্নসম্পদের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জাদুঘরের ভেতরে ও বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হওয়ায় প্রাচীন আসবাবপত্র ও সংগ্রহের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন কর্তৃপক্ষ। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির কাস্টোডিয়ান আল আমীন জানিয়েছেন, নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি সরতে পারছে না।
বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হতে পারে। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এস এম/ ৮ আগস্ট ২০২৬







