বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, একগুচ্ছ সংস্কার প্রস্তাব পাস

ঢাকা, ১১ জুলাই – বাংলাদেশ বার কাউন্সিলের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সর্বসম্মতিক্রমে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সভায় কাউন্সিলের বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচনসহ বার কাউন্সিলকে স্বচ্ছ ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন স্থায়ী কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আইনজীবীদের।
ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদলকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুশফিকুর রহমান তুহিনকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া লিগ্যাল এডুকেশন কমিটিতে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ল রিফর্ম কমিটিতে সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন এবং হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটিতে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে হাউজ কমিটির চেয়ারম্যান হিসেবে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, রিলিফ কমিটিতে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটিতে সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং কমপ্লেইন্ট অ্যান্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার মো. নাসির উদ্দিন অসীম দায়িত্ব পেয়েছেন।
সভায় গৃহীত এক ঐতিহাসিক সিদ্ধান্তে বলা হয়েছে, কাউন্সিল সদস্যরা দায়িত্ব পালনকালে আইন অনুযায়ী প্রাপ্য কোনো প্রকার ট্রাভেল অ্যালাউন্স, সম্মানী বা আর্থিক সুবিধা গ্রহণ করবেন না। এমনকি সভার আপ্যায়ন খরচও সদস্যরা পর্যায়ক্রমে ব্যক্তিগতভাবে বহন করবেন।
অতীতে কোনো সদস্য প্রাপ্যতার বাইরে অর্থ গ্রহণ করে থাকলে তা তদন্তের মাধ্যমে কোষাগারে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে। বার কাউন্সিলকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিয়মিত এনরোলমেন্ট ও হাইকোর্ট পারমিশন পরীক্ষা গ্রহণ এবং আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এস এম/ ১১ জুলাই ২০২৬









