গাজার শাসন ব্যবস্থা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত হামাসের

গাজা, ৬ জুলাই – প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার শাসনভার পরিচালনাকারী ফিলিস্তিনি সংগঠন হামাস তাদের বর্তমান প্রশাসনিক কাঠামো বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে। সোমবার সংগঠনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে গাজার বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ তৈরি হবে। ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি হামাসের রাজনৈতিক অবস্থানে একটি বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে হামাস বারবার জানিয়েছে তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক। তবে নিরস্ত্রীকরণের জটিল বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা জানান যে গাজার সরকার পরিচালনাকারী কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একজন জাতীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে তদারকির দায়িত্ব দেওয়া হবে। গাজার প্রশাসন পরিচালনার জন্য গঠিত জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
কায়রোয় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি সংগঠনগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এবং তারা বিষয়টিকে স্বাগত জানিয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় এই বিষয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
এস এম/ ৬ জুলাই ২০২৬









