কৃষি কার্ডের ফলে মধ্যস্বত্বভোগীদের সুযোগ বন্ধ হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম, ৪ জুলাই – কৃষি কার্ড প্রবর্তনের ফলে বাজারে মধ্যস্বত্বভোগীরা আর অনাকাঙ্ক্ষিত সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। শনিবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জানান কৃষি কার্ডের মাধ্যমে সারা দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করা হবে। এর ফলে কোন অঞ্চলে কী পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে তা সহজেই জানা সম্ভব হবে। তিনি আরও বলেন কোনো নির্দিষ্ট এলাকায় আলুর মতো কোনো ফসলের ফলন বেশি হলে সেখানকার চাহিদা কত তা আমরা আগেই জানিয়ে দিতে পারবো।
এতে কৃষকরা চাহিদা অনুযায়ী আবাদ করতে পারবেন এবং বাজারে যোগান ও চাহিদার মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। একেক মৌসুমে নির্দিষ্ট সবজির উৎপাদন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় অনেক সময় কৃষকরা নায্য মূল্য পান না বলে উল্লেখ করেন মন্ত্রী। অনেক ক্ষেত্রে দেখা যায় টমেটোর মতো সবজি ক্ষেত থেকে তোলার খরচও বাজারমূল্য থেকে বেশি হয়ে যায়।
এই সমস্যা সমাধানে সরকার ইউনিয়ন পর্যায়ে সোলার প্যানেল চালিত মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের পরিকল্পনা করছে। এটি মূলত প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ যা কৃষকদের অপচয় ও লোকসান থেকে রক্ষা করবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি খাতের উন্নয়ন অপরিহার্য বলে মত দেন কৃষিমন্ত্রী।
তিনি জানান সরকার প্রান্তিক ও হতদরিদ্র কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ইতোমধ্যে যারা ঋণের ভারে জর্জরিত তাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এস এম/ ৪ জুলাই ২০২৬









