খামেনির জানাজায় থাকছেন না ছেলে মোজতবা, নিরাপত্তাহীনতাকে দায়ী করছে তেহরান

তেহরান, ৩ জুলাই – আগামী শনিবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নামাজে জানাজা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই বিশেষ আয়োজনে অংশ নিতে পারছেন না তার ছেলে মোজতবা খামেনি।
ভারতের সংবাদমাধ্যম কে দেওয়া এক সাক্ষাৎকারে খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসরায়েলের সাথে চলমান চরম উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোজতবা খামেনি নিজে জানাজায় উপস্থিত থাকতে চাইলেও গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো তাকে অনুমতি দিচ্ছে না। বর্তমানে তার জীবনের ওপর বড় ধরনের ঝুঁকি রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধের সূচনালগ্নে ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু হয়। তেহরান থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই জানাজা কর্মসূচি বিভিন্ন শহর প্রদক্ষিণ করবে। আগামী ৯ জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।
এই শোকাবহ আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিদেশি অতিথি ও সাধারণ মানুষের সুরক্ষায় দেশটির সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে সর্বোচ্চ সতর্কাবস্থা বা হাই অ্যালার্ট জারি করেছে।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ এই জানাজায় ব্যাপক জনসমাগমের মাধ্যমে প্রতিশোধের বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিশাল জানাজায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীকে খামেনির হত্যার বদলা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিতে হবে।
দেশের তরুণ সমাজ ও শহীদদের পরিবারসহ আপামর জনগণকে জানাজায় আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ইরান কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করবে না এবং নেতার রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিন্দুমাত্র পিছপা হবে না।
এস এম/ ৩ জুলাই ২০২৬









