জাতীয়

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

ঢাকা, ৩ জুলাই – দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনের তফসিল আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ রাখছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। একটি নির্বাচন আয়োজনে যা যা প্রয়োজন তার সবগুলো নিয়েই কাজ চলছে যাতে সরকারের সিদ্ধান্তের সাথে সাথে দ্রুত কার্যক্রম শুরু করা যায়।

হালনাগাদ ভোটার তালিকায় যাদের বয়স ৩১ জুলাইয়ের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারা এই স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। ইসির রোডম্যাপ অনুযায়ী দেশে মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৯৮১টি চলতি বছরই নির্বাচন উপযোগী হচ্ছে।

বাকি ইউনিয়নগুলোতে আইনি জটিলতা বা সীমানা সংক্রান্ত সমস্যার কারণে ২০২৭ ও ২০২৮ সালের দিকে ভোট হতে পারে।

এছাড়া ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি এবং ৫০০টি উপজেলার সবগুলোতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সেগুলো নির্বাচন উপযোগী হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন ঘোষিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনেও দ্রুত ভোট গ্রহণের প্রস্তুতি রাখা হয়েছে।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language