ভারত ও জাপানের নতুন প্রতিরক্ষা চুক্তি: নৌবাহিনীর জন্য উন্নত রেডিও প্রযুক্তি উদ্ভাবনের ঘোষণা

নয়া দিল্লি, ৩ জুলাই – জাপানের সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। জাপানি প্রধানমন্ত্রী সানা তাকাইচির ভারত সফরকালে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দিল্লি ও টোকিও যৌথভাবে নৌবাহিনীর জন্য ইউনিকর্ন রেডিও অ্যান্টেনা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে।
বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মধ্যকার একটি সফল বৈঠকের পর এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী মোদি এই উদ্যোগ সম্পর্কে বলেন যে, এই প্রকল্পটি দুই দেশের প্রতিরক্ষা প্রযুক্তি অংশীদারত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সেই সঙ্গে এটি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ভারত সফরে আসা সানা তাকাইচিকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি।
বৈঠকে প্রতিরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, সেমিকন্ডাক্টরের স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। নরেন্দ্র মোদি জাপানি প্রধানমন্ত্রীকে একজন জনপ্রিয় নেত্রী হিসেবে অভিহিত করে তাকে নিজের ছোট বোন হিসেবে সম্বোধন করেন।
তিনি সাংবাদিকদের জানান, ভারতের উন্নয়ন যাত্রায় জাপান সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সফরের মাধ্যমে দুই দেশের বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বের একটি নতুন অধ্যায় শুরু হলো।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে সহযোগিতার জন্য দুই দেশ একটি বিশেষ চুক্তিতে স্বাক্ষর করেছে, যাকে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এস এম/ ৩ জুলাই ২০২৬









