মধ্যপ্রাচ্য

তেহরানে পৌঁছেছে খামেনির মরদেহ: শেষ বিদায়ের প্রস্তুতিতে ইরান

তেহরান, ৩ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত এই নেতার কফিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরানের একটি মসজিদে নেওয়া হয়েছে। সেখানে দেশটির শীর্ষ কর্মকর্তারা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় তিনি প্রাণ হারান। খামেনির স্মরণে তেহরানে ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আগামী শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে তার জানাজা শুরু হবে।

পরিকল্পনা অনুযায়ী আগামী সোমবার তেহরানের রাজপথে একটি শোক মিছিল বের করা হবে। মিছিলটি ৭ জুলাই পবিত্র শহর কোম হয়ে ইরাকের নজফ ও কারবালা প্রদক্ষিণ করবে। সবশেষে আগামী ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

টানা ছয় দিনের এই দীর্ঘ আয়োজনে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে ইরানি পুলিশ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এই শোকানুষ্ঠানে ভারত রাশিয়া ও চীনসহ ৩০টির বেশি দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং বিশ্বের ১০০টির বেশি দেশের ধর্মীয় নেতারা যোগ দেওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইরানে পৌঁছেছেন এবং ইরানকে পাকিস্তানের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এই জানাজায় অংশ নিতে পারেন।

এর আগে খামেনির মৃত্যুতে পাকিস্তানে আয়োজিত বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার আহমদ ওয়াহিদি।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language