ক্রিকেট

লস অ্যাঞ্জেলেসে শাহরুখের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু

ওয়াশিংটন, ৩ জুলাই – আইপিএলের সূচনালগ্ন থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে ক্রিকেটে যুক্ত রয়েছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের অবস্থান দৃঢ় করেছে নাইট রাইডার্স গ্রুপ।

এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম চালু করেছে তারা। নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড নামের এই ভেন্যুতে মেজর লিগ ক্রিকেটে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এই ম্যাচটির মাধ্যমেই স্টেডিয়ামটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই ভেন্যুতে রয়েছে আটটি ম্যাচ উইকেট এবং মানসম্পন্ন আউটফিল্ড। এছাড়া স্টেডিয়ামটিতে ১২০ ফুট উঁচু ছয়টি ফ্লাডলাইট টাওয়ার বসানো হয়েছে।

এই বিশাল স্থাপনা নির্মাণে ৩২ হাজার মেট্রিক টনেরও বেশি মাটি সরাতে হয়েছে। নিজস্ব স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান জানান যে এক সময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। তার মতে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসা একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরও উল্লেখ করেন যে ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের এই অংশীদারত্ব শুধু একটি খেলার মাঠ তৈরি করেনি বরং এটি বিনোদন ও সামাজিক মেলবন্ধনের একটি কেন্দ্র হয়ে উঠবে। বর্তমানে নাইট রাইডার্স গ্রুপ বিশ্বের চারটি বড় ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় রয়েছে।

এর মধ্যে ভারতের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স প্রতিনিধিত্ব করছে।

এস এম/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language