মধ্যপ্রাচ্য

নিরাপত্তা নিশ্চিতে ইরানের সঙ্গে সরাসরি চুক্তির পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

তেহরান, ২ জুলাই – সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতে শুরু করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এখন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি ইরানের সঙ্গে চুক্তির পথ খুঁজছে উপসাগরীয় আরব দেশগুলো।

কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরবর্তী নতুন বাস্তবতায় সৌদি আরব, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তেহরানের সঙ্গে পৃথক সমঝোতা গড়ে তুলতে সক্রিয় হয়েছে। ইতোমধ্যে ইরান, ওমান, কাতার ও সৌদি আরবের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসব বৈঠকের মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরবর্তী সময়ে অঞ্চলে সহাবস্থান, নিরাপত্তা এবং পারস্পরিক সম্পর্কের নতুন কাঠামো নির্ধারণ করা। বিশেষ করে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ হরমুজ প্রণালীর নিরাপত্তা ও পরিচালনা নিয়ে এই দেশগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক গনুল তোল মনে করেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা গত কয়েক বছর ধরে কমতে থাকায় উপসাগরীয় দেশগুলো নিরাপত্তার জন্য ইরানের সঙ্গে সরাসরি বোঝাপড়ায় পৌঁছানোকেই বাস্তবসম্মত মনে করছে।

যদিও প্রকাশ্যে দেশগুলো এখনও মার্কিন অবস্থানকে সমর্থন জানাচ্ছে, তবে ভেতরে ভেতরে তারা তেহরানের সঙ্গে নতুন সম্পর্কের রূপরেখা চূড়ান্ত করার চেষ্টা করছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আনিসেহ বাসিরি তাবরিজি জানান, হরমুজ প্রণালীতে নতুন কোন টোল বা নিয়ন্ত্রণ আরোপ করা উপসাগরীয় দেশগুলোর জন্য একটি স্পর্শকাতর বিষয়।

এদিকে ইরানও হরমুজ প্রণালীকে তাদের বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। জাহাজ চলাচলের ওপর সরাসরি টোল না নিয়ে তারা বন্দর ব্যবস্থাপনা বা বীমা বাবদ সেবা ফি আদায়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না থেকে এই অঞ্চলের দেশগুলো এখন বিকল্প অংশীদারও খুঁজছে।

কুয়েত ইতোমধ্যে তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা চুক্তি করেছে। একইভাবে সৌদি আরব মিসর, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে নতুন নিরাপত্তা সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা করছে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো এখনও যুক্তরাষ্ট্রকে প্রধান অংশীদার মনে করলেও এখন তারা ওয়াশিংটনের বাইরে বিকল্প কৌশল হিসেবে ইরানের সঙ্গে আঞ্চলিক সমঝোতার পথ অনুসন্ধান করছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language