প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ২৬ জুন শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক

ঢাকা, ২০ জুন – আগামী ২২ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এই সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সফরসূচি অনুযায়ী মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী ২২ জুন সন্ধ্যায় চীনের ডালিয়ানে পৌঁছাবেন। ২৩ জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে বৈঠক করবেন।
পাশাপাশি সামার দাভোসে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। ওই দিন বিকালেই প্রধানমন্ত্রী জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেবেন। ২৪ জুন সামার দাভোসের মূল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
২৫ জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। এদিন সকালে তিনি চীনের বাণিজ্যমন্ত্রী এবং এক্সিম ব্যাংকের প্রতিনিধিসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে যোগ দিয়ে তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাবেন।
একই দিন বিকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে এবং কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। সফরের শেষ দিন ২৬ জুন প্রধানমন্ত্রী চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পাবে। তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে ওই দিন বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেছেন যে এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
এস এম/ ২০ জুন ২০২৬









