দক্ষিণ আমেরিকা

বিশ্বব্যাংক আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে

বুয়েনস আইরেস, ১৭ জুন – আর্জেন্টিনার অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং সরকারি ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ২০০ কোটি মার্কিন ডলারের একটি বড় ঋণ প্যাকেজ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে এই উদ্যোগের মাধ্যমে দেশটির অর্থায়ন ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে সহজ শর্তে তহবিল সংগ্রহের সুযোগ তৈরি হবে।

বিশ্বব্যাংকের এই ঋণ প্যাকেজে দুটি ভিন্ন গ্যারান্টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একটি হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের নীতিভিত্তিক গ্যারান্টি এবং অপরটি বহুপক্ষীয় বিনিয়োগ গ্যারান্টি সংস্থার গ্যারান্টি। এই কাঠামোর আওতায় নেওয়া বাণিজ্যিক ঋণের মোট মেয়াদ হবে ছয় বছর যেখানে প্রথম তিন বছর গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে বিশেষ ছাড় পাওয়া যাবে।

বিশ্বব্যাংক আশা করছে এই পদক্ষেপের ফলে আর্জেন্টিনা আন্তর্জাতিক আর্থিক বাজার থেকে অপেক্ষাকৃত কম সুদে অর্থ সংগ্রহ করতে পারবে যা দেশটির বর্তমান ঋণ ব্যবস্থাপনাকে আরও দক্ষ করে তুলবে। উল্লেখ্য যে করোনা মহামারির পরবর্তী সময় থেকে আর্জেন্টিনায় তীব্র ডলার সংকট ও আকাশচুম্বী মূল্যস্ফীতি দেখা দিয়েছে।

২০২৪ সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মূল্যস্ফীতির হার ১০০ শতাংশ ছাড়িয়ে যায়। খাদ্য ওষুধ ও জ্বালানিসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাংকের এই নতুন ঋণ দেশটিকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button