ইউরোপ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ বাহিনী

লন্ডন, ১৪ জুন – ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন,

রাশিয়ার তথাকথিত ছায়া বহর বা শ্যাডো ফ্লিটের এই জাহাজটি রোববার ভোরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে আটক করা হয়।প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। এই অভিযানে কারিগরি ও আকাশপথের সুরক্ষা নিশ্চিতে রয়্যাল এয়ার ফোর্স সহায়তা প্রদান করেছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,

আটককৃত স্মায়রটস নামক ট্যাঙ্কারটিকে বর্তমানে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি সেখানেই অবস্থান করবে। প্রধানমন্ত্রী স্টারমার এই অভিযানকে রাশিয়ার বিরুদ্ধে একটি বড় আঘাত হিসেবে অভিহিত করেছেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে যারা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। কাউকে লুকিয়ে থাকতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস জানিয়েছেন,

রাশিয়া এই ছায়া বহর থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যয় করে থাকে। এটি ক্রেমলিনের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের পি-৮ বিমান এবং যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নিয়েছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এই ছায়া বহর ব্যবহার করে তেল রপ্তানি করে আসছে। বর্তমানে রাশিয়ার তেল রপ্তানির বড় একটি অংশ এই সাত শতাধিক জাহাজের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে ৫০০টিরও বেশি জাহাজের ওপর যুক্তরাজ্য ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এস এম/ ১৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language