দক্ষিণ এশিয়া

জার্মানির সহায়তায় ৭০ হাজার কোটিতে ৬টি সাবমেরিন তৈরি করছে ভারত

নয়া দিল্লি, ১৬ আগস্ট – জার্মানির কারিগরি সহায়তায় নিজস্ব প্রযুক্তিতে আরও ছয়টি উন্নত মানের সাবমেরিন নির্মাণের বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে ভারত। প্রজেক্ট ৭৫ (আই) শীর্ষক এই কর্মসূচির আওতায় এসব সাবমেরিন তৈরিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি ভারতীয় রুপি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে আগামী কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সামনে পেশ করা হতে পারে। কমিটির অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে এবং নির্মাণকাজ শুরু হবে।

প্রকল্পটির বিশেষত্ব হলো এটি সম্পূর্ণভাবে ভারতের মাটিতেই বাস্তবায়িত হবে। মুম্বাইভিত্তিক জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড জার্মানির বিখ্যাত থাইসেনক্রুপ মেরিন সিস্টেমসের সঙ্গে যৌথভাবে এই সাবমেরিনগুলো তৈরি করবে।

প্রস্তাবিত সাবমেরিনগুলোতে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন ব্যবস্থা থাকবে যা ডিজেল চালিত সাবমেরিনকে দীর্ঘ সময় পানির নিচে থাকতে সহায়তা করবে। এছাড়া আধুনিক সেন্সর, শক্তিশালী টর্পেডো এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির সমন্বয়ে এগুলো সজ্জিত হবে।

ভারতের এই উদ্যোগের মূল লক্ষ্য কেবল নৌবাহিনীর বহর বাড়ানো নয় বরং ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন তৈরির সক্ষমতা অর্জন করা। সাবমেরিন রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নের কাজও এই প্রকল্পের আওতায় গুরুত্ব পাবে। এছাড়া থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস ইতিমধ্যে ভারতের হায়দরাবাদভিত্তিক ভিইএম টেকনোলজিস এবং সিএফএফ ফ্লুইড কন্ট্রোলের মতো স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও যন্ত্রাংশ তৈরির সমঝোতা করেছে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাড়তে থাকা প্রভাব মোকাবিলায় ভারতীয় নৌবাহিনী এই নতুন সাবমেরিনগুলোর প্রয়োজনীয়তা অনুভব করছে। ইতিপূর্বে ফ্রান্সের সহায়তায় মুম্বাইয়ের মাজাগন ডক ছয়টি কালভারি শ্রেণির সাবমেরিন নির্মাণ করেছিল। যার প্রথমটি ২০১৭ সালে এবং সর্বশেষটি ২০২৫ সালের জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language