চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই মাদার ভেসেলের সংঘর্ষ, হতাহত নেই

চট্টগ্রাম, ১৬ আগস্ট – চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আলফা অ্যাঙ্করেজ এলাকায় এমভি আনাসসা এবং এমভি জাহাব জাহান নামের দুই বাল্ক ক্যারিয়ারের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংঘর্ষের পরপরই দুটি জাহাজ আলাদা হয়ে বর্তমানে নিরাপদে অবস্থান করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, প্রবল স্রোতের কারণে আলফা অ্যাঙ্করেজে প্রবেশকালে স্ল্যাগবোঝাই জাহাজ এমভি আনাসসা সেখানে নোঙর করে রাখা এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য স্পর্শ করে।
তিনি নিশ্চিত করেন যে এর ফলে কোনো হতাহত, পানি প্রবেশ বা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। বর্তমানে চ্যানেলে নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং উভয় জাহাজের ২১ জন ক্রু নিরাপদ আছেন। লাইবেরিয়ার পতাকাবাহী এমভি আনাসসা ৩৫ হাজার ৩৫০ টন স্ল্যাগ নিয়ে গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরে আসে।
অন্য জাহাজ বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহাব জাহান পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এর আগে গত শুক্রবারও বন্দরের বহির্নোঙরে তেলবাহী ট্যাংকার এবং বাল্ক ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









